প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসীদের হয়রানি রোধে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে এবং নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ফ্রান্স সফরকালে গত ২০ অক্টোবর জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখা এবং স্থানীয় আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং প্রবাসীরা পরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের নানাবিধ সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রবাসী নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্যারিস-ঢাকা রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালু, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সরাসরি রেমিট্যান্স প্রেরণ, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, দূতাবাসের সেবার মান বৃদ্ধি, দেশে-বিদেশে পাসপোর্ট পেতে প্রবাসীদের হয়রানি বন্ধ করা সহ গুরুত্বপূর্ণ দাবি দাওয়া তুলে ধরেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে তার মন্ত্রণালয়ের এবং বর্তমান সরকারের গৃহীত প্রবাসী কল্যাণমুখী নানাবিধ পদক্ষেপ উপস্থাপন করেন এবং জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের দাবীসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দূতাবাস নামে আমাদের একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা খুব দ্রুততার সাথে তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারছেন এবং সেখান থেকে সমাধানও পাচ্ছেন। ইতিমধ্যে দূতাবাসের কর্মচারী দ্বারা যেসব প্রবাসী নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, অযথা হয়রানি ছাড়া ২১ দিন থেকে ৩০ দিনের মধ্যে প্রবাসীরা হাতে পাসপোর্ট পাবেন। দক্ষ জনশক্তি তৈরিতে সরকার কাজ করছে বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

তিনি তার দীর্ঘ ৩৮ বছর প্রবাসে থাকার অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে বলেন, সংসদে এভাবেই প্রবাসীদেরকে প্রবাসীদের পক্ষে কথা বলতে হবে। সেখানে কোটার কোন জায়গা নেই, যদিও প্রবাসীদের কোটাভিত্তিক সংসদ সদস্য দেয়ার দাবি উঠেছিল।

কিন্তু প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে সরকারি খরচে বহন করার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শতকরা এক ভাগ খরচও যদি সরকার বহন করে তাহলে প্রায় ১১ লাখ প্রবাসীর লাশ সরকারকে বহন করতে হবে এবং বর্তমানে সরকারের পক্ষে একা তা বহন করা সম্ভব না বলে জানান মন্ত্রী । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকান্ড প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরতে দলের নেতা-কর্মীদের প্রতিও তিনি আহ্বান জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর