এবার এমপি বাবু ও তার স্ত্রী’র সম্পদের হিসাব তলব

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাবসহ সব সম্পদের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এছাড়াও তার স্ত্রী সায়েমা আফরোজ ও তার মালিকানাধীন চার প্রতিষ্ঠানের সম্পদের তথ্যও তলব করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দেয়ার অনুরোধ করে মঙ্গলবার এনবিআর থেকে দেশের সব ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সূচনা ড্রাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, স্টার ট্রেডিং কোম্পানি, বাবু এন্টারপ্রাইজ এবং সূচনা ড্রাইং প্রিন্টিং ওয়েভিং ইন্ডাট্রিজ।

এনবিআরের চিঠিতে নজরুল ইসলাম বাবুর পিতা ও মাতার নামসহ জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৯৬৭৬৭১০২৩১৫৪৯৩২৮) উল্লেখ করা হয়েছে। তিনটি পৃথক ঠিকানা দেয়া হয়েছে। এগুলো হল- ৮/১২, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৮৮ শান্তিনগরের ২/৬০৪ ইস্টান পিয়ার এবং নারায়ণগঞ্জ আড়াইহাজারের বাজবি গ্রাম।

চিঠিতে বলা হয়, নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী ও পরিবারের সদস্য এবং মালিকানাধীন কোম্পানিগুলোর একক বা যৌথ নামে কোনো মেয়াদি আমানত হিসাব, যে কোনো ধরনের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য কোনো ধরনের সেভিংস ইন্সট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম, ডিপোজিট স্কিম বা অন্য যে কোনো ধরনের বা নামের হিসাব পরিচালিত অথবা রক্ষিত থাকলে ওই হিসাবের ২০১২ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী ও ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণী পত্রপ্রাপ্তির সাতদিনের মধ্যে এনবিআরে জমা দিতে বলা হয়েছে।

এনবিআর বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী তথ্য জমা দিতে ব্যর্থ হলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১২৪ (২) ধারা অনুযায়ী এককালীন ২৫ হাজার এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা করে জরিমানা আরোপ করা হবে। একইভাবে ১৬৪ (সিসি) ধারা অনুযায়ী, অর্থদণ্ড ও কারাদণ্ড আরোপের লক্ষ্যে ফৌজদারী কার্যক্রম গ্রহণের কথা বলেছে এনবিআর।

প্রসঙ্গত, নজরুল ইসলাম বাবু নির্বাচনী হলফনামায় মোট সম্পদ দেখিয়েছেন ৬ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার। বার্ষিক আয় ১৯ লাখ ৪০ হাজার এবং ব্যয় ১৭ লাখ টাকা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর