বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস। মূল নেতৃত্বের বিচ্যুতির অভিযোগ তুলে তিনি তার সদস্যপদ প্রত্যাহার করে নেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দলের নেতৃত্বের কাছে চিঠি দিয়ে নিজের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নেন বিমল বিশ্বাস। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন তিনি।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মূল নেতৃত্বের বিচ্যুতির বিরুদ্ধে পার্টির অভ্যন্তরে কথা বলেছেন বিমল বিশ্বাস। ২০১৭ সালের ২৪ এপ্রিল এবং ২০১৯ সালের ২৬ এপ্রিল পলিটব্যুরোর সভায় তিনি অব্যাহতি চেয়েছিলেন। আসন্ন পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে প্রকাশিত ‘ফোরাম’-এ নির্ধারিত শব্দসীমার মধ্যে তিনি নিজের বক্তব্য উল্লেখ করেছেন।
বিমল বিশ্বাস তার সদস্যপদ প্রত্যাহারপত্রে উল্লেখ করেছেন, বর্তমানে ওয়ার্কার্স পার্টির মূল নেতৃত্ব মার্ক্সবাদ-লেনিনবাদের কথা বললেও কাজ করেন আদর্শের বিরুদ্ধে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, কৌশলের নামে নীতিকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত ঐক্যকে কাজে লাগানো হয়েছে এমপি-মন্ত্রী হওয়ার জন্য।
বিমল বিশ্বাস অভিযোগ করেন, ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রে বর্ণিত সদস্যপদের ধারাগুলিকে পদদলিত করে এবার ঢাকা, বরিশাল, রাজশাহী জেলাসহ বিভিন্ন জায়গায় সদস্য বৃদ্ধির নামে যাকে-তাকে সদস্যপদ দিয়ে পার্টির শক্তি বৃদ্ধি দেখানো হচ্ছে। অগণতান্ত্রিক পথেই পার্টি পরিচালিত হচ্ছে। তার সঙ্গে সৃষ্ট আদর্শিক, রাজনৈতিক ও সাংগঠনিক পার্থক্য দূরীভূত হওয়ার নয়। তাই তিনি পার্টির প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছেন।
বার্তাবাজার/ডব্লিওএস