প্রয়োজনে আবারো শাপলা চত্বর কায়েম করা হবে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের মাধ্যমে সরকারের কাছে নিজেদের দাবী-দাওয়া পেশ করা এবং দোষীদের বিচার চাওয়া নাগরিক অধিকার।

শান্তিপূর্ণ মিছিলে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে নবীপ্রেমিকদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে। মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরবে তা দেশে জনগণ মেনে নেবে না।

মঙ্গলবার জোহরের নামাজের পর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের চত্বরে হেফাজতে ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভোলার বোরহানুদ্দিনে ধর্ম অবমাননাকে ঘিরে পুলিশের গুলিতে চারজন নিহত ও অসংখ্য লোককে আহত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলপূর্ব সমাবেশে আল্লামা বাবুনগরী বলেন, নবীর ইজ্জত রক্ষায় লক্ষ কোটি তৌহিদী জনতা নিজের জীবন দিতে প্রস্তুত। নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা লাখো মুমিন শাপলা চত্বরে জমায়েত হয়েছিলাম। বিশ্বনবীর ইজ্জত রক্ষায় প্রয়োজনে আবারো শাপলা চত্বর কায়েম করা হবে।

পুলিশের গুলিতে শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হেফাজত মহাসচিব বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে বিশ্বনবীর ইজ্জত রক্ষায় নবীপ্রেমিক জনতা দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এছাড়া নবী অবমাননায় অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে।

হেফাজতের নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম (পীরসাহেব ফিরোজশাহ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকীম, শোলকবহর মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন, নাসিরাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল জাব্বার, ঝাউতলা মাদরাসার মুহতামিম মাওলানা আলী ওসমান, সেগুনবাগান মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ তৈয়ব, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে এসে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

সূত্র: যুগান্তর

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর