মঙ্গলবার সোয়া ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে তাদের শোডাউন করতে দেখা গিয়েছে। তারা কলাভবন হয়ে শ্যাডোর পাশ দিয়ে রোকেয়া হল অতিক্রম করে টিএসসি’র ডাচে এসে শোডাউনের সমাপ্তি করে।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদি তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।
ছাত্রদল সূত্রে জানা যায়, হামলার বিষয়টি মাথায় নিয়েই ক্যাম্পাসে আসেন তারা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সব ধরণের হামলা-মামলা ও হয়রানি সহ্য করবেন তারা। তবে এদিন ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত থাকতে দেখা যায়।
উল্লেখ্য, কাউন্সিলের মধ্য দিয়ে ছাত্রদলের নতুন সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের হাতে পরপর দুবার হামলার শিকার হয়েছেন তারা। তবুও নিয়মিত ক্যাম্পাসে আসছেন এবং শোডাউন দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সর্বশেষ রোববার (২০ অক্টোবর) মধুর ক্যান্টিনে হামলার শিকার হয় ছাত্রদল। এতে প্রায় পাঁচ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।
বার্তা বাজার/এস.আর