সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পাঠাও এবং আইসিটি সেবা প্রদানকারী সংস্থা একসেস টু ইনফরমেশন (এটুআই) সম্মিলিতভাবে “সেফটি ফার্স্ট” ইভেন্ট আয়োজন করেছে।
আজ রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হোটেলে সকাল ১০ টায় শুরু হওয়া এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন , সড়ক দূর্ঘটনা কারো কাছেই গ্রহণযোগ্য নয়। তাই সড়ককে নিরাপদ করার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এছাড়া সাধারণ মানুষকে রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুট ওভারব্র্রিজ, জেব্রা ক্রসিং, আন্ডারপাস ইত্যাদি ব্যবহারে আরও সচেতন হতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এছাড়া পাঠাওয়ের এই উদ্যোগের প্রশংসা জানিয়ে তিনি আরও বলেন, সড়ক নিরাপদ রাখতে মানুষকে আইন মানতে সচেতন করতে হবে। জনসচেতনতা মূলক এই ধরনের উদ্যোগ সকল প্রতিষ্ঠানেরই নেওয়া উচিত।
পাঠাওএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, সড়কে শৃঙ্খলা আনতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। একজন রাইডারের যেমন দ্বায়িত্ব ঠিক ভাবে ড্রাইভ করা ঠিক একইভাবে যাত্রীদেরও সাবধানতা অবলম্বন করতে হবে। পাঠাও সব সময় তরুণদের অগ্রাধিকার দেয় তাই আমাদের তরুণ সমাজেরও উচিত নিজেদের দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করা। গতি নিয়ন্ত্রনে রেখে, ট্রাফিক আইন মেনে সড়কে গাড়ি বা মোটর সাইকেল চালাতে হবে আমাদের।
পাঠাওএর সিইও হুসেইন মো. ইলিয়াস বলেন “সচেতনতা বাড়াতে পাঠাও সবসময় স্বতস্ফূর্তভাবে কাজ করছে এবং রাইডার ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
অনুষ্ঠানে সড়কের নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরী করতে একটি মঞ্চ নাটক পরিবেশন করে শিশু-কিশোরেরা একসেস টু ইনফরমেশন (এটুআই) এর সৌজন্যে।
উল্লেখ্য বাংলাদেশের সর্ববৃহৎ রাইড শেয়ারিং, ই-কমার্স ও ফুড ডেলিভারি সেবা প্রদানকারী ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও।
বার্তা বাজার/ এম বি ইউ