ভোলার বোরহানউদ্দিনে হতাহতের ঘটনায় বায়তুল মোকাররম গেটে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে হেফাজতের নেতা-কর্মীদের সাথে সাধারণ মুসল্লিরাও অংশ নেন।
কর্মসূচি থেকে হেফাজত নেতারা ৬ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- ১. আল্লাহ তা’আলা ও মহানবী (সা.)-এর কটূক্তিকারীকে গ্রেফতার, ২. ভোলার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, ৩. আহতদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, ৪. গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, ৫. গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং ৬. মামলা প্রত্যাহার করা।
ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। পরে মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর হামলা হয়। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলিতে চারজন নিহত হন।
ওই ঘটনায় ভোলার অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন এ মামলা করেন।
বার্তাবাজার/ডব্লিওএস