সোশ্যাল মিডিয়ায় ইসলামের নবীকে হেয় করার অভিযোগকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে সহিংস বিক্ষোভ ও পুলিশের গুলির ঘটনার কিছু পরই সেখানকার হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িঘরে হামলা চালায় অজ্ঞাত সংখ্যক বিক্ষুব্ধ ব্যক্তি।
এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ সময় মন্দিরে প্রতিমা ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বোরহাউদ্দিনে বিবিসি বাংলার সংবাদদাতা আবুল কালাম আজাদের সরেজমিন অনুসন্ধানে জানা গেছে এসব তথ্য।
সোশ্যাল মিডিয়ায় ইসলামের নবীকে হেয় করার অভিযোগকে ঘিরে বোরহানউদ্দিনে রোববার সকালে বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি সমাবেশে আসা লোকজনের সাথে এক পর্যায়ে পুলিশের সংঘর্ষ বাধে।
এ সময় পুলিশ গুলি চালালে চার জন নিহত ও পুলিশসহ বহুলোক আহত হয়। এর আগে তিন দিন ধরে বোরহানউদ্দিনে বিক্ষোভ চলছিল।
এই বিক্ষোভ, সংঘর্ষ ও হতাহতের ঘটনা নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন অনেক আলোচনা চললেও, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা, উপাসনালয়ে হামলার এসব খবর মূলধারার গণমাধ্যমে খুব একটা উঠে আসেনি।
বার্তাবাজার/কে.জে.পি