যুবলীগের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরীসহ সিনিয়র এক ডজনেরও বেশি নেতার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের জালে থাকা নেতাদের অবৈধ সম্পদ ও পাচার হওয়া অর্থের বিষয়ে গোপনে তথ্য সংগ্রহ করছে সংস্থাটি।
এরই মধ্যে অন্তত যুবলীগ, ছাত্রলীগের সাবেক নেতা ও ক্যাসিনোকাণ্ডে জড়িতরাসহ ৬১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়েছে। পাচার করা অর্থ এবং সম্পদের খোঁজে দুদকের টিম বিদেশে যেতে পারে বলে জানা গেছে।
জানা গেছে, দুদকের প্রাথমিক তালিকাভুক্ত নামের সংখ্যা ৪৩ থেকে বেড়ে ৬১ হয়েছে। এদের মধ্যে রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতা, ব্যবসায়ীসহ সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তার নাম আছে। তাদের অনেকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
গত পাঁচ বছরে কি পরিমাণ লেনদেন হয়েছে সেই তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। এ ছাড়া এনবিআর, ভূমি অফিস, সাবরেজিস্ট্রি অফিস, রিহ্যাবসহ বিভিন্ন সরকারি দফতরে চিঠি দিয়ে সংশ্লিষ্টদের অর্থ সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে কমপক্ষে এক ডজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চূড়ান্ত করেছে দুদক।
জানা গেছে, অনুসন্ধান শুরুর ১০ দিনের মাথায় সোমবার যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী জি কে শামীম, তার স্ত্রী আয়েশা আক্তার এবং যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে দুদক। মামলায় জি কে শামীম ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার আয়বহির্ভূত ও অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়েছে। উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। পরে জি কে শামীম ও খালেদকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন দুদকের কর্মকর্তারা।
এ দুই আসামি র্যাবের হাতে গ্রেফতার হয়ে এখন জেলে আছেন। ক্যাসিনো কেলেঙ্কারি দখল ও টেন্ডার দুর্নীতিতে জড়িতদের আরও এক ডজন নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা প্রস্তুত হচ্ছে। এ সপ্তাহেই একাধিক মামলা হতে পারে।
জানা গেছে, যুবলীগের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তার স্ত্রী, তিন ছেলে ও দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরী, চট্টগ্রামের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর সম্পদেরও অনুসন্ধান করেছে দুদক টিম। অন্যদিকে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অবৈধ অর্থ সম্পদের অনুসন্ধান করতে গিয়ে হোঁচট খাচ্ছে দুদক। সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেশে সম্রাটের এক থেকে দেড় কোটি টাকার বেশি সম্পদের তথ্য মিলছে না।
তার বিরুদ্ধে এ পরিমাণ টাকার অবৈধ সম্পদের মামলা হলে তা হাস্যকর হতে পারে। ক্যাসিনো ব্যবসা, টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ নানা উপায়ে তিনি যে সম্পদ করেছেন তার প্রায় সবই বিভিন্ন দেশে পাচার করেছেন বলে ওই কর্মকর্তা মনে করছেন। তাই সম্রাটসহ যেসব নেতা অর্থ পাচার করেছেন সেই সম্পদের খোঁজে দুদকের টিম বিদেশে যেতে পারে বলে আভাস দেন তিনি।
এদিকে গণপূর্ত অধিদফতরের বিভিন্ন ঠিকাদারি কাজে কমিশন নিয়ে জি কে শামীমের পক্ষ হয়ে কাজ করেছেন ওই বিভাগের এমন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। তাদের মধ্যে সদ্য সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও তার স্ত্রী রাশেদা ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই ও তার স্ত্রী বনানী সুলতানার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক।
সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে তাদের আবাসিক ঠিকানায় চিঠি পাঠানো হয়। এতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে। জানা গেছে, দুদকের প্রাথমিক অনুসন্ধানে রফিকুল ইসলামের ১ কোটি টাকার কিছু বেশি ও আবদুল হাইয়ের দেড় কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। তবে তাদের এত অল্প সম্পদ আছে দুদক তা মনে করছে না।
সে কারণে তাদের হিসাব তলব করা হয়েছে। বিবরণী পাওয়ার পর অন্যান্য মাধ্যম থেকে বাকি তথ্য সংগ্রহ করা হবে। তারা দেশের বাইরে অর্থ পাচার করেছেন- এমন তথ্যও রয়েছে দুদকের কাছে।
জি কে শামীম ও খালেদের বিরুদ্ধে মামলা : অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় স্ত্রীসহ জি কে শামীমের বিরুদ্ধে মামলা করে দুদক। অন্যদিকে খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আনা হয়। ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় অনুসন্ধান শুরুর পর এ দুটি মামলাই প্রথম দায়ের করল দুদক।
জি কে শামীমের মামলায় বলা হয়, তিনি ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকার স্থাবর সম্পদের তথ্য আয়কর নথিতে দিয়েছেন। বাকি ৯ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকার সম্পদের তথ্য আয়কর নথিতে দেননি। তার ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
একই করবর্ষে তার স্ত্রী ৩৮ কোটি ৬৯ লাখ টাকার সম্পদের তথ্য দেন। কিন্তু এর মধ্যে ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। জি কে শামীমের মায়ের নামে ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
এছাড়া গ্রেফতারের পর জি কে শামীমের অফিস থেকে ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯০০০ মার্কিন ডলার জব্দ করা হয়। তার ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার যে এফডিআর রয়েছে তারও কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।
অপরদিকে খালেদের নামে ২০১৮-১৯ করবর্ষে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৮০০ টাকার স্থাবর সম্পদ দেখানো হয়। কিন্তু পারিপার্শ্বিক ও রেকর্ডপত্র পর্যালোচনায় দুদক জানতে পারে তার আরও বেশি সম্পদ আছে। তিনি ২ কোটি ৮৩ লাখ টাকার সম্পদ তার আয়কর নথিতে দেখাননি।
এছাড়া তার ৪ কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। সব মিলিয়ে প্রাথমিক অনুসন্ধানে তার ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য মেলে।
জি কে শামীম ও খালেদের বিরুদ্ধে অনুসন্ধান পর্যায়েই মামলা হয়। একইভাবে যুবলীগ ও আওয়ামী লীগের আরও ডজন নেতার বিরুদ্ধে মামলা তৈরি হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে। বিশেষ করে যারা গ্রেফতার হয়েছেন, তাদের প্রায় সবার বিরুদ্ধে মামলার এজাহার তৈরি হচ্ছে। তবে সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হচ্ছে।
তাদের ক্ষেত্রে নোটিশ জারির প্রসঙ্গে দুদকের একজন পরিচালক বলেন, সরকারি চাকরি করায় তাদের সেলারি, বিভিন্ন ফান্ড ও ভাতাদির টাকা বৈধ উপায়ে অর্জিত হয়। সেই বৈধ অর্থ বাদ দিয়ে অবৈধ উপায়ে যে অর্থ তারা অর্জন করেছেন সেটি নিশ্চিত হওয়ার জন্য হিসাব চেয়ে থাকি।
এটি সবার ক্ষেত্রে আবার নাও হতে পারে। অনুসন্ধান চলাকালীন যদি কারও বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য আমাদের হাতে আসে আমরা সরাসরিও মামলা করতে পারি। এসব প্রসঙ্গে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সোমবার বলেন, ডকুমেন্ট পেলে আমরা সরাসরি মামলা করতে পারি।
আমাদের নজরে যদি ‘কগনিজেবল অফেন্স’ আসে, আমরা যদি বিশ্বাস করি এটি অফেন্স (অপরাধ-দুর্নীতি) আমরা সরাসরি মামলা করতে পারি। সোমবার যে দুটি মামলা হয়েছে, এ দু’জনের ক্ষেত্রে প্রাথমিক কিছু অনুসন্ধান হয়েছে। তারপর মামলা হয়েছে। তিনি বলেন, আমরা গণমাধ্যম থেকে অনেক তথ্য পাই।
এরপর অনুসন্ধান করি। অনুসন্ধানকালে যদি আমরা বুঝতে পারি অপরাধী তার অবৈধ সম্পদ সরিয়ে ফেলতে পারে, বা স্থানান্তর করতে পারে সেক্ষেত্রে সরাসরি সম্পদের মামলা করতে পারি। গত ১৮ সেপেটম্বর ঢাকার ক্লাবপাড়ায় অভিযান শুরুর প্রথমদিনেই গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেফতার করে র্যাব। জি কে শামীমকে গ্রেফতার করা হয় ২০ সেপ্টেম্বর গুলশানের নিকতনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। দু’জনের বিরুদ্ধে তখন এবাধিক মামলা দেয়া হয়।
ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী-ছেলেদের ব্যাংক লেনদেন স্থগিত : যুবলীগের চেয়ারম্যানের পদ হারানো ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তার স্ত্রী, তিন ছেলে ও দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। এরা ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করতে পারবেন না।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১১৬ ধারার ক্ষমতাবলে সম্প্রতি এনবিআর এ আদেশ দিয়েছে বলে জানা গেছে। ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একইভাবে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লেক ভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাবের লেনদেনও স্থগিত করেছে এনবিআর।
বার্তাবাজার/কেএ