চবি’তে চালু হলো অনলাইন ভিত্তিক অভিযোগ দাখিলের সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো অনলাইন ভিত্তিক অভিযোগ কেন্দ্র ‘CU Student Complain Cell’ নামের ওয়েব পেইজ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপাচার্য দফতরে ওয়েব পেইজটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার।

ওয়েব পেজটি উদ্বোধনকালে শিরীণ আখতার বলেন, ‘শিক্ষার্থীরা প্রতিনিয়তই আমাদের দৃষ্টির অগোচরে ইভটিজিং, র‍্যাগিং সহ নানান হয়রানির শিকার হয়। যা তারা নিরাপত্তাহীনতা ও মানহানির ভয়ে কাহকে প্রকাশ করতে পারেনা। আর তাদের নিরবতার সুযোগে অপরাধীরা প্রশ্রয় পেয়ে আরো বেশি উশৃঙ্খল হয়ে উঠে। তবে এই ওয়েব পেজে যে কেহ নিরাপদে নিজের যে কোন অভিযোগ জানাতে পারবে। এখানে অভিযোগকারীর সকল তথ্য পরিচয় গোপন রাখা হবে। এ ওয়েব পেইজ শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ জানানোর একটি নিরাপদ প্লাটফর্ম। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে এটি চালু করা হয়েছে। আমি শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ এই ওয়েব পেইজে জানানোর অনুরোধ করছি।’

অভিযোগ জানাবার অনুরোধের পাশাপাশি তিনি এ বলে আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কাহকে কোন প্রকার অন্যায় অবিচারের কোন ছাড় দেয়া হবেনা।

অনলাইন ভিত্তিক অভিযোগ দাখিলের ওয়েব পেজ উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ ও হলের প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর