চুয়াডাঙ্গার-দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণ পাচার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) বিকালে স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো, ঢাকা নবাবগঞ্জের কান্দামাত্রা এলাকার খোসাই ম-লের ছেলে দীপক ম-ল (৫১) ও জগেস মল্লিকের ছেলে প্রভাত মল্লিক (৪৫)।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১১ জুলাই চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে যায় দুই পাসপোর্টধারী যাত্রী দীপক ও প্রভাত। ভারতে প্রবেশের আগে তাদের ভ্রমণ প্রক্রিয়া কাজের সময় সন্দেহ হলে তাদেরকে আটক করে দর্শনার স্থল ও শুল্ক কর্মকর্তারা। পরে ওই দুই যাত্রীর দেহ তল্লাাশি করে আন্ডারওয়্যারের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় কোটি ৩০ লাখ টাকা।
ওই দিনই জব্দ হওয়া স্বর্ণসহ দীপক ও প্রভাতকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেন শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম।
পরে একই বছরের ২৯ আগস্ট দীপক ও প্রভাতকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন। এরপর সোমবার বিকালে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যাচাই বাছাই শেষে দুই আসামিকে দোষী সাব্যস্ত করে তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
বার্তাবাজার/এম.কে