সৌদি এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে সৌদি আরবের রিয়াদগামী ওই বিমানের ইঞ্জিন বিকল হওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি ছিল বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ।
বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
চীনের গুয়াংজু থেকে ২৯৯ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সৌদিয়ার বিমানটি অবতরণ করে। ফ্লাইটে পাইলট, কেবিন ক্রু, যাত্রীসহ ২৯৯ জন আরোহী ছিলেন। সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।
বার্তাবাজার/ডব্লিওএস