দীর্ঘ ১১ বছর পর মিললো চট্টগ্রামের হাটহাজারীর ব্যবসায়ী রঞ্জন সিংহ চৌধুরীর হত্যা মামলার রায়। রঞ্জন সিংহ চৌধুরী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
২১ অক্টোবর (সোমবার) দুপুরে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌসুঁলি আইয়ুব খান।
তিনি বলেন, চার আসামির বিরুদ্ধে অপহরণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের সাজা দেন বিচারক। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মহসিন, ইমরান, ফোরকান ও আব্দুল কাদের। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন আব্দুল মোনাফ ও শাহাদাত হোসেন।
আইয়ুব খান বলেন, সাজার রায় ঘোষণা হলেও আবদুল মোনাফ ব্যতীত সাজাপ্রাপ্ত আসামিদের কেহই আদালতে উপস্থিত ছিলেননা বা সবাই পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের মে মাসের ৮ তারিখ বিকাল ৫ টার পর হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আসাদনগর এলাকা থেকে ব্যবসায়ী রঞ্জন সিংহ চৌধুরীকে অপহরণ করে দুষ্কৃতীরা এবং রাতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তাঁর লাশ পুকুরে ফেলে দেয়া হয়। পরে পুলিশ পুকুর হতে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
হত্যাকান্ডের পরদিন নিহতের স্ত্রী রানী চন্দ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পিপি আইয়ুব জানান, আসামিদের নিকট রঞ্জন সিংহের পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছিল।
২০০৮ সালে নিহতের স্ত্রী রানী চন্দের দায়েরকৃত মামলার অভিযোগ গঠন করা হয় ২০১১ সালের মে মাসের ১৬ তারিখ। যার ভিত্তিতে সোমবার ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রঞ্জন সিংহ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
বার্তাবাজার/এম.কে