ডাঃ শাহ আলম হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড উপজেলার কুমিরার বাসিন্দা শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ শাহ আলমের খুনিদের দ্রুত গ্রেফতার সহ তাদের শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।
বিএমএ চট্টগ্রাম শাখার উদ্যোগে সভাপতি অধ্যাপক ডাঃ মুজিবুল হক খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃ এসএম মুইজ্জুল আকবর চৌধুরীর সঞ্চালনায় সোমবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে ডাঃ শাহ আলমের খুনিদের বিচার দাবিতে একাত্বতা প্রকাম করেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি।
আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রদানের ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানিয়ে তাঁরা বলেন, খুনিদের গ্রেফতার ও শাস্তি প্রদানে বিলম্ব হলে আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো।
সমাবেশে উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেলিম মো. জাহাঙ্গীর, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন মাহমুদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোস্তাক আহমেদ, বিএমএ সহ-সভাপতি ডাঃ মো. মনোয়ারুল হক শামীম, কোষাধ্যক্ষ ডাঃ মো. আরিফুল আমিন, যুগ্ম সম্পাদক ডাঃ রবিউল করিম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মো. নুর হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক ডাঃ আবুল হোসেন শাহীন, প্রচার সম্পাদক ডাঃ প্রণয় কুমার দত্ত, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মো. সাইফুদ্দিন আহমেদ সাইফ, চমেক ইন্টার্ন অ্যাসোসিয়েশনর আহ্বায়ক ডা. নাইমুল ইসলাম ও সদস্যসচিব ডাঃ সাইফুল ইসলাম মুরাদ, চমেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শিমুল, চমেকসু ভিপি এমএ আউয়াল রাফি ও জিএস প্রিতম সাহা সহ প্রমুখ।
বার্তাবাজার/এম.কে