রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল মঙ্গলবার পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করেছে জাতীয় ঐক্রফ্রন্ট। সমাবেশের অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পাওয়ায় তারা নির্ধারিত সমাবেশটি তারা করছেন না। এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে জানান, অনুমতির বিষয়টি ঢাকা মহানগর পুলিশের ওপর নির্ভর করছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া মহানগর নাট্যমঞ্চ বা অন্য কোথাও সমাবেশ করতে চাইলে তাদের অনুমতি দেয়া হবে। কিন্তু, নিরাপত্তা জনিত কারণে তাদের সোহরাওয়ার্দীতে উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া না হলেও সমাবেশ করার ঘোষণা দেন ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আ স ম আব্দুর রব।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট মঙ্গলবার (২২শে অক্টোবর) সমাবেশের ডাক দেয়। গেল ১৬ই অক্টোবর ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সমাবেশের ডাক দেয়া হয়।
বৈঠকের পর রেজা কিবরিয়া জানান, ২২শে অক্টোবর সমাবেশের অনুমতি না পেলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বার্তাবাজার/কেএ