নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর চারজন সক্রিয় সদস্যকে রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২১ অক্টোবর) কারওয়ানবাজারে র্যাব এর মিডিয়া সেন্টারে র্যাব-৪ এর সিও মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ওই চার সদস্য হলেন- মুফতি সাইফুল ইসলাম, সালিম মিয়া, জুনায়েদ ও আহাম্মেদ সোহায়েল। এসময় তাদের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, ভিডিও, মোবাইল ফোন, ল্যাপটপ ও চাপাতি জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা শীঘ্রই নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (২০ অক্টোবর) রাতে গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় কয়েকজন সদস্য পালিয়ে যায় বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম.কে