রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোববার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ঢাকার ৪১টি হাসপাতালে ৯৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩৫ জন রোগী ভর্তি হন।
পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২২৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে ঢাকায় ৭৪ জন ও ঢাকার বাইরে ১৪২ জন ছিলেন। দুদিনের হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ জন কম।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার সোমবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ৪০৯ জন ও ঢাকার বাইরে ৫০৭ জনসহ বর্তমানে ৯১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৮ হাজার ৭৩২ জন ও ঢাকার বাইরে ৪৫ হাজার ৭৫ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৬৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৮ হাজার ১৩৩ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৪ হাজার ৫১০ জন ছাড় পেয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি