বোমা সন্দেহে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ এলাকায় ঘিরে রাখা সেই ল্যাগেজ থেকে মস্তক বিহীন খন্ডিত লাশ উদ্ধার।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টায় বোম ডিসপোজাল ইউনিট ল্যাগেজ খুলে লাশ উদ্ধার করে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, রহস্যজনক লাল রংয়ের ল্যাগেজটি রাত থেকে ঘিরে রাখা হয়। সকালে ল্যাগেজে মাছি আসতে থাকে এবং দুর্গন্ধ বের হয়। বোম ডিসপোজাল ইউনিট ল্যাগেজটি খুললে ভেতরে মস্তক বিহীন খন্ডিত যুবকের মরদেহ পাওয়া যায়।
তিনি আরো বলেন, অপরাধীরা ঠান্ডা মাথায় এ ঘটনাটি ঘটিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এর আগে গতকাল পাটগুদাম ব্রিজ এলাকায় ময়মনসিংহ বাসটার্মিনালের উল্টো দিকে সকাল থেকে সারাদিন লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। পরে সন্দেহ হলে সন্ধ্যায় উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এবং র্যাবের সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা।
বার্তা বাজার/এস.আর