বিলম্ব ঠেকাতে, রংপুর এক্সপ্রেসে চললো”কুড়িগ্রাম এক্সপ্রেস”!

স্বাধীনতার ৪৮ বছর পর প্রথমবারের মতো ঢাকা রুটে আন্তনগর ট্রেন পেয়েছে কুড়িগ্রামবাসী। দেশ স্বাধীন হবার পূর্বে রমনা রুটে ৪টি ট্রেন পরিচালনা করতো। পরবর্তীতে রংপুর,লালমনিরহাট,পার্বতীপুরের সাথে রেল যোগাযোগে ২টি ট্রেন চললেও বর্তমানে ১টি ট্রেন রমনা রুটে চলাচল করে। বছর দুয়েক আগে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস এর সাথে ১টি শাটল ট্রেনের সংযোগ থাকলেও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ছিলো ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস এর।

সেই দাবি পুরন হওয়ায় গোটা কুড়িগ্রাম জেলা জুড়ে উৎসবের আমেজ চললেও,এখন ট্রেনের সিডিউলের কারণে সেই উৎসবের আমেজকে নষ্ট করছে।গত ১৬ ই অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি উদ্বোধন করেন। উদ্বোধনকৃত ট্রেনটি বুধবার সাপ্তাহিক বন্ধ হওয়ার কারনে,গত ১৭ অক্টোবর বৃহঃবার থেকে ট্রেনটি বানিজ্যিকভাবে চলাচল করতে শুরু করে। উদ্বোধনের পরের ২দিন ট্রেনটি সময়মত চলাচল করতো। কিন্তু গত কয়েকদিন থেকে ট্রেনটির ঘটছে সিডিউল বিপর্যয়।

আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস গত কয়েকদিন থেকে কুড়িগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ছেড়ে যাচ্ছে সকাল ৮টার পর, অন্যদিকে ঢাকায় বিলম্বে পৌঁছানোর কারণে,ঢাকা থেকে ৮টা ৪৫ মিনিটে ছাড়ার পরিবর্তে ছাড়ছে রাত ১০টার পর। গতকাল রবিবার,ট্রেনটি বিলম্ব করে ২ ঘন্টার মতো,এরপর ট্রেনটি ছাড়ার সময়ে ১টি এসি কোচ ড্যামেজ হওয়ার কারণে ট্রেনটি পরবর্তীতে রাত ১২টার পর কুড়িগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,ট্রেনটির ১টি এসি কোচের কাঁচ,কে বা কারা ভেঙ্গে ফেলে,যার ফলে ট্রেনটি আরো বিলম্ব করে। এদিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিলম্বের কারণে,আজ সোমবার রংপুর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে,ট্রেনটি কুড়িগ্রাম এক্সপ্রেস নামে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীদের রংপুর এক্সপ্রেসে করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে গেছে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জানান,” কুড়িগ্রাম স্টেশন ট্রেনটিতে পানি সরবরাহের ব্যবস্থা না থাকা এবং ক্রসিংজনিত কারণে ট্রেনটি বিভিন্ন স্টেশনে বিলম্বে পৌঁছাচ্ছে।যার কারণে ট্রেনটির বিলম্ব হচ্ছে।”রেলওয়ের পশ্চিমজোনের লালমনিরহাট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে এ ট্রেন ঢাকা অভিমুখে ছাড়ার নির্ধারিত সময় সকাল ৭টা ২০ মিনিট। ঢাকা গিয়ে পৌঁছানোর নির্ধারিত সময় বিকেল ৫টা ২৫ মিনিট। কুড়িগ্রাম রেলস্টেশনে পানি সরবরাহ ব্যবস্থা না থাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে গিয়ে রংপুর রেলস্টেশনে পানি নেওয়ার জন্য ট্রেনটির বাড়তি সময় লাগছে। তা ছাড়া ক্রসিংজনিত কারণেও সময়ক্ষেপণ হচ্ছে। এ কারণে ট্রেনটি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না। ফলে ঢাকা থেকেও ট্রেনটি বিলম্বে ছাড়ছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. শফিকুর রহমান জানান, কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনে পানি সরবরাহের ব্যবস্থা বর্তমানে নেই। ট্রেনের বগিতে নিয়মিত পানি সরবরাহের জন্য এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে এবং ঠিকাদার কাজও শুরু করে দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে কাজ শেষ হলে এ স্টেশন থেকে ট্রেনের পানি সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে, আজ ২১ অক্টোবর থেকে রংপুর এক্সপ্রেস এর রেক দ্বারা কুড়িগ্রাম এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা রংপুর এক্সপ্রেস চলবে এবং পূর্বের রংপুরের সাদা চাইনিজ রেক দ্বারা লালমনি এক্সপ্রেস চলবে , তিনটা ট্রেনই যথা সময়ে ছেড়ে যাবে ,যার ফলে এই ৩ জেলার ট্রেনগুলোর বিলম্ব হ্রাস পাবে বলে আশা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর