দুর্নীতিবাজদের নিয়ে সরকার কাজ করতে চায় না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (২০ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে তিনি বলেন, ছাত্রলীগ এবং যুবলীগ আমাদের প্রিয় দুটি সংগঠন। কিন্তু সংগঠনের মধ্যে থেকে যারা বিপদগামী হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। কারণ একটাই- আমরা দুষ্টের দমন করতে চাই।
মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। আমরা আগের সরকারের মতো না যে, এতিমের টাকাও মেরে খেয়ে ফেলবো। আমাদের ঘরের ছেলেও যদি দুর্নীতি করে তাকে আমরা সাজা দিতে জানি। আমরা ওয়াদা করেছিলাম মদ, জোয়া ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এলাকায় এলাকায় আমাদের পুলিশ বাহিনী মাদক দ্রব্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করে যাচ্ছে। আপনারা এলাকাবাসী পুলিশকে এ কাজে সহযোগীতা করবেন। যাতে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিয়ন্ত্রণ করা যায়।’
মন্ত্রী আরও বলেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা কম লোক নিয়ে কাজ করবো, কিন্তু সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের নিয়ে কাজ করতে চাই না। সে জন্য আমরা জনগণের সমর্থন চাই। জনগণের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকে যেটা বড় জিনিস, সেটা হলো শিক্ষা। শিক্ষার মান আমাদের বাড়াতে হবে। পৃথিবীর মধ্যে টিকে থাকতে হলে গায়ের জোরে, গলাবাজি করে টিকে থাকা যায় না।’
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান মাস্টার, স্থানীয় কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন সামু প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস