৫৫ বছর নির্ধারণ করা হলো যুবলীগের বয়সসীমা

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ করার বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সীরা যুবলীগে থাকতে পারবেন।

রোববার (২০ অক্টোবর) গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে সংগঠনটির সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৯৭৪ সালে প্রথম কংগ্রেসে (সম্মেলন) মাত্র ৩৩ বছর বয়সে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল হক মণি। ওই সময় যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী বয়সসীমা ছিল ৪০ বছর। ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে ওই বিধানটি বাতিল করা হয়। ষষ্ঠ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন ৬৪ বছর বয়সী ওমর ফারুক চৌধুরী, বর্তমানে তার বয়স ৭১। এছাড়া সংগঠনে সিনিয়র নেতাদের বেশিরভাগেরই বয়স ৬০ পার হয়েছে।

নতুন করে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করায় এখন কেউ এই বয়স পেরোলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটিতে থাকতে পারবেন না।

এই বৈঠকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করার সিদ্ধান্তও হয়েছে। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর গ্রেফতার অনেকের মুখে তার নামটি এসেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এছাড়া, যুবলীগের আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে, আর সদস্য সচিব করা হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর