ঘরের মাঠে প্রতিটি দলই শক্তিশালী। বিশেষ করে ভারত। বিরাট কোহলিরা নিজেদের উঠানে সবশেষ ৩২টি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে। একটা সময়ে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। অথচ সেই দলটিই ভারত সফরে পাত্তাই পাচ্ছে না।
ভারতের মাঠে দক্ষিণ আফ্রিকার মতো দলের টেস্ট সিরিজে নাজুক পরিস্থিতি দেখে সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ ও গ্রায়েম স্মিথ ধারাভাষ্যে বলেছেন, ভারতীয় দলকে তাদের মাঠে হারাতে হলে বিশ্ব একাদশ সাজাতে হবে। তাহলেই কোহলিদের ভারতের মাঠে হারানো সম্ভব।
আর সেই বিশ্ব একাদশে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক স্মিথ ও ভারতীয় সাবেক তারকা ব্যাটসম্যান লক্ষণ বাছাই করেছেন বাংলাদেশ সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। শুধু সাকিব তামিমই নন! ভারতকে হারাতে বিশ্ব একাদশে যে সব ক্রিকেটারকে নিতে হবে তাও বাতলিয়ে দিয়েছেন লক্ষণ ও স্মিথ।
ভারতের মাঠে কোহলিদের হারাতে লক্ষণ-স্মিথদের সাজানো বিশ্ব একাদশে রয়েছেন- ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), তামিম ইকবাল (বাংলাদেশ), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), জফরা আর্চার (ইংল্যান্ড), নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।
বার্তাবাজার/কেএ