যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুককে দল থেকে বহিষ্কার

নানা নাটকীয়তার পর অবশেষে দুর্নীতির অভিযোগে যুবলীগ থেকে দলটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

৭১ বছর বয়সী ওমর ফারুক যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে তিনি গণমাধ্যমের শিরোনামে ছিলেন।

গণভবনে বৈঠকে অংশ নেওয়া যুবলীগের এক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই বৈঠকে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসকে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বিকেল ৫টায় গণভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিউর রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হারুনুর রশিদ।

বৈঠকে যুবলীগের আসন্ন কংগ্রেসসহ সংগঠনটির ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ‘অসামাজিক’ কার্যকলাপে সংশ্লিষ্ট থাকায় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর