সিরাজগঞ্জ সদর হাসপাতালে ৪ দালালের কারাদণ্ড

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার অভিযোগে চার দালালকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর এলাকার হোসেপুর মহল্লার মৃত উবার শেখের ছেলে আনোয়ার শেখ (৪২), একই মহল্লার মৃত বাহাদুর শেখের ছেলে মামুন শেখ (৩৬), বিষা শেখের ছেলে লাভলু ওরফে লাবু (৪৭) এবং মালশাপাড়া মহল্লার হাসিনুর শেখের ছেলে শহীদুল শেখ (৪২)।

এ তথ্য নিশ্চিত করে পেশকার মিলন সরকার জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

উক্ত অভিযানে সহযোগিতা করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান ও পুলিশের সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর