শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি এলাকার ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত যায়গা থেকে রেজাউল করিম রাজু (৫০) নামের মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানার পুলিশ।
২০ অক্টোবর রোববার ভোরে উদ্ধারকৃত রেজাউল করিম রাজু পার্শ্ববর্তী গড়খোলা গ্রামের মৃত মোনায়েম সওদাগরের ছেলে।
নিহতের ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, নিহত রাজু এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি সে আদালত থেকে জামিনে ছাড়া পেলেও পুলিশের ভয়ে রাতে বাড়িতে ঘুমাতো না।
শনিবার দিবাগত রাতেও সে পুলিশের ভয়ে ঘর থেকে বের হয়ে আত্মগোপনে যায় এবং ভোরে দিগদারি গ্রামের মোরাদুজ্জামানের বাড়ি সংলগ্ন ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত স্থানে রাজুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
রাজুর মৃত্যুর খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে নিহতের স্ত্রী নাছমিন বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।
ঘটনার ব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন বলেন, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বার্তাবাজার/এম.কে