শেরপুরের সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার মা জাহানারা রেজ্জাক শেফালী (৮২) আর নেই। ১৯ অক্টোবর শনিবার সকাল ৭টায় বার্ধ্যক্যজনিত কারণে শহরের রঘুনাথপুর বাজার এলাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন ।
মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র, পুত্রবধূসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল হামিদের ছোটবোন এবং ‘সাপ্তাহিক শেরপুর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কবি আব্দুর রেজ্জাকের সহধর্মিনী।
তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর শহরের তেরাবাজার মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
জানাজা নামাজে ইমামতি করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ। ওইসময় মরহুমা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক পিপি এডভোকেট আব্দুল কাদের খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন ও এসএম শহীদুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
পরে শেরপুর প্রেসক্লাবের তরফ থেকে মরহুমার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জানাজা শেষে মরহুমার লাশ স্থানীয় চাপাতলী পৌর কবরস্থানে তার নাতি প্রয়াত তরুণ সাংবাদিক ফাগুন রেজার কবরের পাশে দাফন করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস