খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস সপ্তাহে ৩ দিন চালুর দাবি

দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে খুলনা-কলকাতা রুটে চালু হয়েছে বন্ধন এক্সপ্রেস ট্রেন। ৫২ বছর বন্ধ থাকার পর ২০১৭ সালের নভেম্বরে শুরু হয় খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল। যাত্রীরা বলছেন, সপ্তাহে মাত্র একদিন যাতায়াতের সুযোগ থাকায় ব্যাহত হচ্ছে মূল উদ্দেশ্য। আন্তদেশীয় এই ট্রেন সপ্তাহে তিনদিন চালানোর দাবি দক্ষিণাঞ্চলবাসীর।

যাত্রা শুরু থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় সাড়ে ১৫ হাজার যাত্রী ভ্রমণ করেছে এই ট্রেনে। ভোগান্তি কম হওয়ায় পেয়েছে জনপ্রিয়তাও। তবে সপ্তাহে মাত্র একদিনই চলাচল করায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যাত্রীরা।

ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়ার পাশপাশি সময় বাঁচাতে খুলনা স্টেশনে ইমিগ্রেশনের ব্যবস্থার দাবি ব্যবসায়ী নেতাদের।

খুলনা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মফিদুল ইসলাম টুটুল বলেন, আমরা চাই এই ট্রেন সপ্তাহে তিনদিন চালু করা হোক এবং আরো দুইটি ট্রেন এর সাথে সংযুক্ত করা হোক।দুটি ট্রেন চালু করলে একটি ট্রেনের উপর যে চাপটা পরে তা অনেকাংশে কমে যাবে।

বৃহওর খুলনা উন্নয়ন সংগ্রাম সমম্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, এই ট্রেনের সেবার মানটা আরও উন্নত হলে এই অঞ্চলের যারা বিভিন্ন কাজে কলকাতায় যায় তাদের সংখ্যা আরও বাড়বে।

রেল কর্তৃপক্ষ বলছে, সপ্তাহে ৩ দিন চলাচলের দাবি পূরণে কোচের সংখ্যা বাড়াতে হবে।যাত্রীদের চাহিদা বিবেচনায় আন্তমন্ত্রণালয় বৈঠকে বিষয়টির সুপারিশও করা হয়েছে।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, আমরাও তিনদিন চলাচলের জন্য একটা প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।তবে এ বিষয়ে এখনও নতুন কোন সিদ্ধান্ত অনুমোদন হয়নি।এটা অনুমোদন হলে যাত্রিদের দুর্ভোগ আরও কমবে।

বর্তমানে বন্ধন এক্সপ্রেসের ৮টি বগিতে ৪৫৬টি আসন সুবিধা রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর