সিরাজগঞ্জ সদর উপজেলায় এক রাতে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর আমতলা এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রী শারমিন খাতুন (১৩) ও রাত ৯ টার দিকে ছোনগাছা ইউনিয়নের ভেওয়ামাড়া দক্ষিণপাড়া গ্রামের অষ্টম শ্রেনীর ছাত্রী মিম খাতুন (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। প্রথমে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার মাহমুদপুর আমতলা এলাকায় সঙ্গীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অভিযান চালান।
তখন কনের বাড়ীতে কনে পৌরসভার মাহমুদপুর আমতলা এলাকার মো. শাহীন আহমেদ এর কন্যা শারমিন খাতুন (১৩) এর সাথে পৌরসভার চরমালশাপাড়া এলাকার মো. সাকাওয়াত হোসেন এর পুত্র মো. রবিউল ইসলাম (২৫) এর বিয়ের আয়োজন চলছিল।
পরে কনের বাবা শাহীন আহমেদ ও বর রবিউল প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত রাত ৯ টায় ছোনগাছা ইউনিয়নের ভেওয়ামাড়া দক্ষিণ পাড়া গ্রামে অভিযান চালান। তখন কনের বাড়ীতে কনে ভেওয়ামাড়া গ্রামের মো. রঞ্জু সরকার এর কন্যা মীম সুলতানা (১৩) এর সাথে কামারখন্দ উপজেলা পাইকশা গ্রামের মো. সাবান আলী এর পুত্র মেরাজুল ইসলাম (২৫) এর সাথে বিয়ের আয়োজন চলছিল।
কনের বাবা রঞ্জু সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়।
বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস