গোপালগঞ্জে বিদেশি মদ ও ভারতীয় পাসপোর্টসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম গৌরাঙ্গ বাউয়ালী (৩৩)।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে সাড়ে ৫টায় জেলা শহরের পৌর পার্কের সামনে থেকে ঐ ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক গৌরাঙ্গ বাউয়ালী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার হরিনগর খড়ের মাঠ এলাকার যতীন বাউয়ালীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, যশোরের বেনাপোল থেকে একটি বাসে করে মাদকদ্রব্যের একটি চালান গোপালগঞ্জে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঐ স্থানে বাস থামিয়ে বাসের মধ্যে থেকে ৬ বোতল বিদেশি মদ ও একটি ভারতীয় পাসপোর্টসহ ভারতীয় নাগরিক গৌরাঙ্গ বাউয়ালীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানের অভিযোগ একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস