ইভটিজিং ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

সারাদেশের মতো নিয়ন্ত্রণহীন মাদক ও ইভটিজিং বিস্তৃতি লাভ করেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিভিন্ন গ্রামে। পাড়া-মহল্লা ছাড়িয়ে মাদকের ভয়াল থাবা এখন ঘরে ঘরে হানা দিচ্ছে। ভয়াল মাদকাসক্তি তারুণ্য, মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব- সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিনষ্ট করে দিচ্ছে স্নেহ-মায়া, ভালোবাসা, পারিবারিক বন্ধন। মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা, ঘনিষ্ঠ স্বজন নির্মম হত্যার শিকার হচ্ছেন।

মাদকাসক্ত সন্তান মাদক সংগ্রহে ব্যর্থ হওয়ার ক্রোধে পিতা মাতাকে খুন করার মত জঘন্নতম ঘটনাও দেশে অহরহ ঘটছে। মাদক একটি সংসার, একটি সমাজ এমনকি একটি দেশকে ধ্বংস করে দিতে স্বক্ষম। আর এই মাদকাসক্ত কিশোর যুবকেরাই ইভটিজিং করছে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের। বর্তমান সমাজে এটি একটি মহা ব্যাধি।

এই ভয়াবহ মাদক ও ইভটিজিং রুখতে এবং সমাজ থেকে সম্পূর্ণ রূপে বিতারিত করার লক্ষ্যে সিরাজদিখানের কোলা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে এক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোলা ভিলেজ পার্কে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ শুক্রবার এলাকাবাসীর আয়োজনে সন্ত্রাস ইভটিজিং ও মাদক বিরোধী এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোলা গ্রামের কোলা ভিলেজ পার্কের মনোরম মুক্ত পরিবেশে সকল পেশা ও বয়সের ব্যক্তিবর্গ সন্ত্রাস ইভটিজিং ও মাদক প্রতিরোধে মতামত প্রকাশ করেন।

সিরাজদিখান যুব ধারার সভাপতি সাইফুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বাদল লস্কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ধারা কেন্দ্রীয় সভাপতি আছাদুজামান বাচ্চু।
এছাড়া ও মুক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজ সেবক, রাজনৈতিক দলের সদস্য ও নবীন প্রবীণ ব্যক্তিবর্গ।

বক্তাদের মধ্যে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমজান আলী খান বলেন, বর্তমান সমাজে অবকাঠামো উন্নয়নের চেয়ে সমাজ উন্নয়ন বেশি প্রয়োজন। প্রতিটি বিদ্যালয়ে ইভটিজারদের আনাগোনা। নিরাপত্তার অভাবে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে অভিভাবকরা। সমাজে মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না।

সমাজ সেবক দেলোয়ার হোসেন তাঁর ওয়ার্ডে ইভটিজিং ও মাদক প্রতিরোধে কাজ করার কথা বলেন। ছাতিয়ানতলী নিবাসী ফারুক উল আলম বলেন, সন্ত্রাস ইভটিজিং ও মাদক প্রতিরোধে এমপি মহোদয়ের সহযোগিতা কামনা করেন। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মান্নান দেওয়ান তার বক্তব্যে বলেন, এমন একটি আয়োজনের জন্য সাইফুল ইসলাম মিন্টুকে ধন্যবাদ জানান। এছাড়া ও তিনি সমাজ থেকে ইভটিজিং ও মাদকের বিস্তার রোধ সকলের এগিয়ে আসার কথা বলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবাল বাল্য বিবাহ রোধে সামাজিক প্রতিরোধের কথা বলেন।

সভায় সর্বসম্মতিক্রমে রমজান আলী খানকে সভাপতি করে ইউনিয়ন ব্যাপী একটি বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ একটি কমিটি গঠন করা হয়।

সভাপতির বক্তব্যে বাদল লস্কর বলেন, শুধু নবীনরা কাজ করলেই হবে না। এখানে প্রবীণদের ও এগিয়ে আসতে হবে। প্রতিটি পিতার দায়িত্ব তার সন্তান কোথায় যায় তা নজর রাখা। শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না।
এভাবেই সম্ভব সিরাজদিখান থেকে ইভটিজিং ও মাদক দূর করা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর