নরসিংদীর মাধবদীতে ভাত দিতে দেরি হওয়ায় নানীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড নাতি। হত্যার পর পাষণ্ড নাতি নিজেই ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাধবদী থানার কুড়েরপাড় গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত ফুলমালা বেগম (৬০) কুড়েরপাড় গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী। পাষণ্ড পলাশ পার্শ্ববর্তী স্বর্পগৈর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, স্বামী সুন্দর আলীর মৃত্যুর পর বৃদ্ধা ফুলমালা বেগম (৬০) তার মেয়ের ঘরের নাতী পলাশ মিয়াকে নিজের কাছে নিয়ে এসে বিদ্যালয়ে ভর্তি করান। নানীর কাছে থেকেই মাধ্যমিক পাস করে বর্তমানে একটি কলেজে পড়শোনা করছে পলাশ মিয়া (১৭)।
গতকাল বৃহস্পতিবার বেশি রাত করে বাড়ি ফেরায় নানী পলাশ কে বকাঝকা করেন। এসময় রাতের খাবার দিতে একটু দেরি হওয়ায় পলাশ তাঁর নানীর পিঠে ঘুষি দেয়। এতে নানী ক্ষিপ্ত হয়ে পলাশকে লাথি মারেন। তারপর পলাশ হাতুড়ি নিয়ে নানী ফুলমালাকে মাথায় ও মুখে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যু নিশ্চিত জেনে রাতেই হত্যার প্রায়শ্চিত করার জন্য নাতী পলাশ ফোন করে পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে রাতেই মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এসময় অভিযুক্ত নাতী পলাশকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস