কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল এক আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় কুলিয়ারচর বাজার থেকে সাইকেলটি চালিয়ে দ্বাড়িয়াকান্দি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১৪-৪৪৩৫) এর সাথে দ্বাড়িয়াকান্দি-কুলিয়ারচর সড়কের বেইলি ব্রীজের পশ্চিম পার্শ্বে ঈদগা সংলগ্ন স্থানে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হয়।

আহতদের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোটর সাইকেল আরোহী শরীফ (১৮) মারা যায়। সে উপজেলার মেরাতুলি গ্রামের গোলাপ মিয়ার পুত্র।

গুরুতর আহত মোটর সাইকেল চালক পূর্ব গাইলকাটা গ্রামের জয়নাল মিয়ার পুত্র হিরন মিয়া ওরুফে হৃদয় (২০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। দুর্ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার এ প্রতিনিধিকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।

ট্রাক ও মটর সাইকেল দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ট্রাকের সাথে থাকা উপজেলার বড়খারচর গ্রামের মৃত লাইছ মিয়ার ছেলে খুর্শিদ মিয়া (৫৫) ও লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাতক্ষীর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র সজিব মিয়া (২৪) কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর