বর্ণাঢ্য আয়োজনে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি হস্তান্তর

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’তে আনা হলো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ট্রফি। এমএ আজিজ স্টেডিয়ামে ৫ দেশের ৮ ক্লাবের অংশগ্রহণে শনিবার (১৯ অক্টোবর) শুরু হচ্ছে এ টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালনের মাধ্যমে শেখ কামাল ক্লাব কাপ টুর্ণামেন্টের ট্রফি হস্তান্তর উপলক্ষে রেডিসন ব্লু বে ভিউ’তে উপস্থিত ছিলেন দেশের বহু ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ।

ছবি- বার্তাবাজার

ট্রফি হস্তান্তরের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ আহসান রাসেল। ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ কামাল ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্টেে সফল আয়োজনের উদ্দেশ্যে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী শেখ কামাল ক্লাব কাপের ঝলমলে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছিরের হাতে। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং টুর্নামেন্টের চিফ কো-অর্ডিনেটর সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দল সমূহ হচ্ছে, টুর্ণামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী, বসুন্ধরা কিংস, ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি।

১৯ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭টায় এমএ আজিজ স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। মোট ১৫ টি ম্যাচের মধ্য দিয়ে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে শেখ কামাল ক্লাব কাপের ফাইনাল ম্যাচ।

বার্তাবাজার/ডব্লিওএস/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর