চট্টগ্রাম বন্দরটিলা এলাকায় মুদির দোকানের মূল্য তালিকায় পেঁয়াজের দাম উল্লেখ না করা এবং মূল্য তালিকা না টাঙানোর কারণ সহ নিয়ম নীতি না মানার অপরাধে চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেষ প্রদানের পর বাজার অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাবৃন্দ।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভাই ভাই জেনারেল স্টোরকে ৮ হাজার টাকা, শিলামনি অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইপিজেড এলাকার আলম অ্যান্ড সন্স ও হাসেম জেনারেল স্টোরকেও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রাণিসম্পদ অধিদফতর এবং ক্যাব চট্টগ্রামের সহযোগিতায় এ অভিযানের সার্বিক নিরাপত্তায় ছিলেন এপিবিএন-৯ এর সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বাজার তদারকির সময় মেয়াদোত্তীর্ণ দই বিক্রির জন্য সংরক্ষণ করায় তৈয়ব স্টোরকে ৫ হাজার টাকা, নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও অননুমোদিত রং ব্যবহারের জন্য সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীর থ্রি স্টার বেকারিকে ২০ হাজার টাকা, অলিম্পিয়া ফুডসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া খুলশী থানাধীন কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজারে নোংরা পানিতে মুরগি প্রসেস, নোংরা ড্রামে মুরগি জবাইসহ বিভিন্ন অনিয়মের জন্য তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বার্তাবাজার/কেএ