সাত বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

ঢাকার সাভারে বাদশাহ নামের সাত বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে সাভার পৌরসভার ৬নং ওয়ার্ড তালবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।

নিহত বাদশাহ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোষাল গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে সাভারেই বসবাস করতো বলে জানা গেছে।

পুলিশ জানায়, শিশুটির বাবা একজন মাছ বিক্রেতা এবং মা পোশাক কারখানায় চাকুরী করেন। আজ সকালেও শিশুটির বাবা-মা শিশুটিকে ঘরে একা রেখে কর্মস্থলে চলে যান। পরে শিশুটির বাবা দুপুরে খাওয়ার জন্য ঘরে আসার পর শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পেলে পুলিশকে জানান। পরে খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিকালে শিশুটির লাশ উদ্ধার করে।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিশুটির লাশের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে।

সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্নকর্তা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর