বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনসহ তিন জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রমনা থানার নাশকতার একটি মামলায় তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
জামিন পাওয়া অপর দুইজন হলেন-যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর হাকিম আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
তাদের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, আসামিরা মামলার চার্জশিট দাখিল পর্যন্ত হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। আজ চার্জশিট দাখিল হওয়ায় পর তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারে গাড়ি ভাঙচুর করে এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক দীপংকর দাস একটি মামলা করেন।
গত ১৭ এপ্রিল রমনা থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আফরোজা আব্বাস, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা শ্যামা ওবায়েদ, ফজলুল হক মিলন, সুলতান সালাউদ্দিন টুকুসহ ১০০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
বার্তাবাজার/ডব্লিওএস