বেশি দামে পেঁয়াজ বিক্রি বন্ধে জেলা প্রশাসকের কড়া নির্দেশ

নিয়মের অধিক মুনাফার উদ্দেশ্যে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় পেঁয়াজ ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে এ কথা বলেন।

সভায় পেঁয়াজের পাইকারি আড়তদার ও কমিশন এজেন্টরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, পাইকারি ও খুচরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন সহ কমিশন এজেন্টরা কে কার কাছ থেকে পেঁয়াজ কিনছে অবশ্যই সেটার রশিদ রাখতে হবে। পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা বা কালোবাজারি করা যাবে না।

পেঁয়াজ ব্যবসায়ীদের লক্ষ্য করে তিনি বলেন, আমরা আপনাদের শত্রু বা প্রতিপক্ষ কোনটিই নই। আপনারা ব্যবসা বানিজ্যের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বাড়াবেন এটাই কাম্য। তবে জনগণের অভাব ও প্রয়োজনকে কাজে লাগিয়ে অনৈতিক মুনাফা অর্জনের চেষ্টা করলে সরকার শক্ত হাতে আপনাদের প্রতিরোধ করবে। প্রত্যেক কমিশন এজেন্টদের দোকানে অবশ্যই আমদানিকারকের নাম, ফোন নম্বর ও রশিদ রাখতে হবে। প্রয়োজনে প্রশাসন ও মন্ত্রণালয় আমদানিকারকের সাথে সরাসরি যোগাযোগ করবে।

পেঁয়াজ বিক্রিতে নিয়ম নীতি পালনের নির্দেশের পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার্থে জেলা প্রশাসক বলেন, পেঁয়াজ যেন দ্রুত সময়ে বন্দর হতে খালাস করে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারে। তার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করা সহ রাত দিন পেঁয়াজবাহী গাড়ি নগর, জেলা, উপজেলা ও মহা সড়কে চলাচল করার ব্যবস্থা করবো।

সভায় অনুপস্থিত আট জন আমদানিকারকের বিষয়ে তিনি বলেন, সভায় তাদের আসতে বলা হলেও তারা কেহই সভায় আসেনি। তারা কেন আসেননি, তাদের কোন দুর্বলতা আছে কিনা বা তারা অন্য কোন নাম ঠিকানা ব্যবহার করে পেঁয়াজ আমদানি করছেন কিনা প্রভৃতি সব ব্যাপারে খতিয়ে দেখা হবে।প্রয়োজনে একের পর এক অভিযান অব্যাহত রাখা হবে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, চাক্তাই-খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ক্যাবের নাজির হোসেন সহ প্রমুখ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর