পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বগুড়ার শেরপুরের বিলনোথার গ্রামে প্রাইভেট শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ১০অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ঘটে। এদিকে চক্ষুলজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই শিক্ষার্থী। মেয়ের পরিবারকে হুমকীসহ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় ব্যস্ত কুচক্রীমহল।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথাড় মধ্যপাড়া গ্রামের দুদু তরফদার ও তার স্ত্রী ফুলি বেগম তাদের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া মেয়ে (১২) কে তার বৃদ্ধ নানী কমলা বেওয়ার কাছে রেখে ঢাকা গার্মেন্টস্ এ চাকুরী করতে যায়। এদিকে তাদের মেয়েকে স্কুলের লেখাপড়ার পাশাপাশি অতিরিক্ত শিক্ষার জন্য একই গ্রামের আবু সাঈদের ছেলে মিনহাজুল ইসলামের কাছে প্রাইভেট পড়ে।

এরই ধারাবাহিকতায় প্রাইভেট শিক্ষক গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭টার দিকে তার বাড়িতে ওই ছাত্রীকে পড়ানোর একপর্যায়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে ওই শিক্ষকের স্ত্রী নিজেই এসে তাকে উদ্ধার করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য নিষেধ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলেও ঘটনা ধামাচাপা দিতে শিক্ষক মিনহাজুলের আত্মীয়-স্বজনেরা গত শনিবার ঢাকায় গিয়ে ওই ছাত্রীর বাবা-মাকে অনুরোধ করে বলে ছাত্রীর পিতা দুদু তরফদার জানান।

তবে এর কয়েকদিন আগেও ওই শিক্ষক বিলনোথাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানোর সময় তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার কথাও জানান দুদু তরফদার। এদিকে প্রাইভেট শিক্ষক কর্তৃক ধর্ষনের চেষ্টায় চক্ষুলজ্জায় ওই ছাত্রী গত কয়েকদিন ধরে বিদ্যালয়ে লেখাপড়া করতে যাচ্ছেনা বলে ওই পরিবার জানিয়েছেন। এদিকে ছাত্রীর পরিবারকে হুমকীসহ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় এলাকার কুচক্রীমহল বেশ মরিয়া হয়ে উঠেছে বলেও ভুক্তভোগী পরিবার জানিয়েছেন।

এদিকে বিষয়টি এলাকায় চা ল্যতার সৃষ্টি হওয়ায় এবং গত বুধবার সকালে গ্রাম্য শালিশান বৈঠকে ওই শিক্ষকসহ তাদের পরিবারের লোকজন দরবারে হাজির হয়নি। এরফলে মৌখিক অভিযোগের ভিত্তিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের নির্দেশে এএসআই মাসুদরানা ঘটনাস্থলে গেলেও ওই শিক্ষকের পরিবারের কাউকে বাড়িতে পায়নি।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর