ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্টে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ সৌরভ গাঙ্গুলীর

কলকাতার ইডেন গার্ডেনে ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই’র নতুন প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলী।

আর, এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে আসছে বাংলাদেশ। আগামী ২২শে নভেম্বর ইডেনে হবে সেই টেস্ট। যেখানে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। তাই, সৌরভ এই উৎসবের আমেজকে রাঙিয়ে তুলতে চান।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পাঠিয়েছেন সৌরভ গাঙ্গুলী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমন্ত্রণ গ্রহণ করা হলেও, এর উত্তর দেয়া হয়নি। তবে ধরেই নেওয়া যায়, এই ঐতিহাসিক টেস্টে মাঠে বসে খেলা দেখার বিষয়ে তিনি সম্মতিই দিবেন।

এর আগে, ২০০০ সালের ১০ই নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু হয় টাইগারদের। বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী তখন ছিলেন ভারতীয় দলের অধিনায়ক।

এদিকে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, নাকি দু’জনকেই একসঙ্গে দেখা যাবে একই মঞ্চে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। শুধু তাই নয়। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে চলেছেন, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর