ছাত্রলীগের পদ হারানোর পর এই প্রথম ডাকসুর কোন অনুষ্ঠানে যোগ দেন গোলাম রাব্বানী। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারানোর এক মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর অনুষ্ঠানে যোগ দিলেন গোলাম রাব্বানী।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পায়রা চত্বরে ডাকসুর উদ্যোগে সাইকেল সেবা ‘জোবাইক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর বিতর্কিত কর্মকাণ্ড এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবির অভিযোগ গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন। সেই সভায় তিনি শোভন-রাব্বানীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দেন।
এরপর ১৪ই সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অব্যহতি দেয়া হয়। তাদের জায়গায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিবাহিত, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, চাকরিজীবীসহ বির্তকিতদের পদ দেয়া, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা, কমিটি দিতে অর্থনৈতিক লেনদেনসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে দেরিতে যাওয়া এমনকি আওয়ামী লীগের প্রবীণ নেতাদের পরে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের আড়াই মাস পর গত বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর পর দীর্ঘ প্রায় এক বছর পর গত ১৩ মে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বার্তাবাজার/এম.কে