নির্দিষ্ট সংখ্যক জনবলের তুলনায় অনির্দিষ্ট ও অসংখ্যক রোগীদের রাতদিন চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মচারীরা যেরূপ কষ্ট ও পরিশ্রম করে চলেছেন। এর জন্যে তাঁদের নোবেল পুরষ্কার দেওয়া উচিত বরে মন্তব্য করেছেন চসিক মেয়র নাছির।
মেয়র বলেন ১৩শ’ শয্যার চমেক হাসপাতালে প্রয়োজনের তুলনায় ডাক্তার, নার্স ও কর্মী সংখ্যা কম। প্রতিদিন ওয়ার্ড ও আউটডোর মিলে ৬-৭ হাজার রোগীকে সেবা দিতে হয়। আর এটা কোন সাধারণ বিষয় নয়।
রোগীর অতিরিক্ত চাপে অনেক সময় ভালো ভালো ডাক্তার দ্বারাও ভুল ত্রুটি হতে পারে। তবে তাই বলে ঢালাওভাবে সকল ডাক্তারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ উচিত নয়। বিত্তবান ও ধনী ব্যক্তিরা চিকিৎসার্থে বাইরে গেলেও সবার দ্বারা বাইরে চিকিৎসা করানো সম্ভব নয়। বেশিরভাগ মানুষ এখানেই চিকিৎসা নিতে আসেন।
বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট ‘সিসিইউ-২’ উদ্বোধনকালে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
তিনি বলেন, তাহের ব্রাদার্স সিসিইউ-২ ইউনিটে ১৫ শয্যা দিয়েছেন। সেই সাথে তাহের ব্রাদার্স সিসিইউ-২ গড়ার উদ্যোগও নিয়েছে। সরকারের একার পক্ষে কোনোদিন সবকিছু করা সম্ভব নয়। বিত্তবানরাও এগিয়ে আসলে অনেক গরিব রোগীকে সেবা দেয়া সহজ হবে।
মেয়র বিএমএ’র পক্ষ থেকে অতীতে যারা অনুদান দিয়েছেন, আইসিইউতে শয্যা ডোনেশন করেছেন, সহযোগিতা করেছেন- তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন সহ তাহের ব্রাদার্সের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগ ও রোগী কল্যাণ সমিতির আয়োজিত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুল হক খান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার দাশ, ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, তাহের ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর, পরিচালক মুনতাসির মামুন, চমেক হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা সহ চমেকে’র ডাক্তার, নার্স, কর্মচারী ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রী।
অনুষ্ঠানে মেয়র সিসিইউতে আরেকটি শয্যা অনুদানের ঘোষণা দিয়ে রোগী কল্যাণ সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন।
বার্তাবাজার/এম.কে