ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একদল মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সকাল পৌনে ১০টার দিকে হামলার শিকার হয় সে।
বুধবার (১৬ অক্টোবর) রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের (ফায়াসর সার্ভিসের সামনের এলাকার) মো. রফিকুল ইসলামের ছেলে। পৌর এলাকার শিমুলতলী মহল্লার প্রতিশ্রুতি মডেল হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো সে।
নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের সামনে থেকে জাহিদুলকে রিকশায় ধাওয়া করে মুখোশধারী একদল দুর্বৃত্ত। রিকশা থেকে নেমে দৌঁড়ে স্কুলে যেতে চাইলে অন্তত সাতজন দুর্বৃত্ত জাহিলদুলকে ধাওয়া দিয়ে তার গলায় ছুরি ঢুকিয়ে দেয়।
জাহিদুল আক্রমণ প্রতিহত করে দৌঁড়ে সামনে শিমুলতলী মোড় এলাকায় যেতেই স্থানীয় লোকজন ছুটে আসায় আক্রমণকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দুপুরে অপারেশন সম্পন্ন হয়। সন্ধ্যায় জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঐদিন রাত ১০টার দিকে ইশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনকে গ্রেফতার করা হয়েছে।
ফুটবল খেলার মাঠে জাহিদুলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানান স্থানীয়রা। ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বার্তাবাজার/এম.কে