নোয়াখালী সোনাইমুড়ীর কাশিপুর গ্রামের মঈন উদ্দিন সাদ্দাম (২৭) কে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার বিচার ও মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী আসমা আক্তার। মঙ্গলবার বেলা ১২টার দিকে বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আসমা আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৩ অক্টোবর ২০১৮ ইং তারিখ সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর মধ্যপাড়া গ্রামে আমার স্বামী মঈন উদ্দিন সাদ্দামকে তার নিজ বাড়ীর উঠানে প্রকাশ্যে দিবালকে আমার শশুর মোস্তফা চৌধুরীর নির্দেশে আমার বড় ননদ কুলছুম আক্তার ধনি, শাশুড়ী রায়হান আরা বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ করে। এ সময় আমার চিৎকার শুনে এলাকাবাসী আসার পূর্বেই তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়।
পরে এলাকাবাসী ও খালাতো দেবর কাইয়ুম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করে। ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমার স্বামী সাদ্দাম ১৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এ ঘটনায় আমি বাদী হয়ে গত ১৪ নভেম্বর ২০১৮ ইং তারিখে সোনাইমুড়ী থানায় উক্ত ৩ জনকে বিবাদী করে হত্যা মামলা দায়ের করি।
মামলার দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে। আমি ও আমার শিশু কন্যা নিরাপত্বাহীনতায় ভুগছি। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবী জানাই।
বার্তাবাজার/এম.কে