ঢাকার সাভারের আশুলিয়ায় বিখ্যাত নয়ন জুলি খাল উদ্ধার অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে বাঁধা প্রদানের অভিযোগে ৪ জন প্রভাবশালী ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত নয়নজুড়ি খাল উদ্ধার অভিযানে গেলে এই ঘটনা ঘটে।
জানা যায়, আশুলিয়া রাজস্ব অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে আশুলিয়ার খেজুরবাগান এলাকার কসমোপলিটন কারখানার দখলে থাকা সরকারি জলাশয়ের অবৈধ দখলে থাকা ৫৬ শতাংশ ভূমি দখলমুক্ত সহ নয়ন জুলি খাল অবৈধ দখলদারমুক্ত করতে অভিযান পরিচালিত হয়।
এসময় দন্ডপ্রাপ্ত জামগড়া এলাকার মোশারফ হোসেন, রুহুল আমিন, জসিম উদ্দিন ও কামাল চৌধুরী ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে তার কাজে বাঁধা প্রদানের চেষ্টা করে। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই চারজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এব্যাপারে আশুলিয়া রাজস্ব অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, মঙ্গলবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সরকারি নয়ন জুলি খাল উদ্ধার অভিযানে গেলে স্থানীয় চার প্রভাবশালী ব্যক্তি উদ্ধারকাজে বাঁধা প্রদান করেন। এসময় তাদের আটক করে প্রত্যেককে পৃথক ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
গণমাধ্যমকে এসময় তিনি আরও জানান, এর আগে দুপুরে, আশুলিয়ার খেজুর বাগান ও পুকুরপাড় এলাকায় সরকারি জলাশয়ের জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় কসমোপলিটন (সিপিএল) নামে একটি কারখানার দখলে থাকা ১৮ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে।
তাছাড়া খাল ভরাট করে নির্মাণ করা বেশ কিছু আধাপাকা স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, পুকুরপাড় এলাকার লিজ হারবাল ও শবনম ইয়াসমিন নামের আরো দু’টি কারখানার দখলে থাকা সরকারি জলাশয়ের ৩৮ শতাংশ জমি উদ্ধার করা হয়।
সরকারি জলাশয় ও খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম.কে