চট্টগ্রামে হাটহাজারীর বাসিন্দা নাজিম উদ্দিন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত দায়রা আদালতের জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুইজন হলেন মাইনুল আলম মিঠুন এবং মাওলানা নূরুল আলম।
এদের মধ্যে মিঠুন নিহত নাজিম উদ্দিনের চাচাত ভাই। তারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা। আদালতের সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩ অক্টোবর সকাল ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে রামদাশ মুন্সির হাট যাওয়ার সময় ২০০৬ সালের ৩ অক্টোবর সকাল ১১টার দিকে নাজিম উদ্দিনকে (১৮) কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
গুরুতর আহত নাজিমকে হাটহাজারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আহত নাজিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাজিমের মা ফরিদা বেগম বাদি হয়ে মাইনুল আলম মিঠুনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুইজন জামিনে ছিলেন। জামিনে থাকা এ দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি অজয় বোস বলেন, খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
ওই মামলায় আরও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- খোরশেদ আলম, একরাম হোসেন, দেলোয়ার হোসেন রুবেল, মাশরুক হোসেন ও মাওলানা মোহাম্মদ ওসমান।
এ ঘটনায় গ্রেপ্তারের পর ২০১৬ সালের ২২ অক্টোবর আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাইনুল আলম মিঠুন খুনের কথা স্বীকার করে জানান, তাদের একটি গরুর লেজ কেটে দেওয়া এবং খড়ের গাদায় আগুন দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তিনি নাজিমকে খুন করেন।
এই মামলায় ২০০৬ সালের ১ ডিসেম্বর ৩০২ ও ১০৯ ধারায় সাতজনকে আসামি করে চার্জশীট দেয় পুলিশ। অভিযোগ গঠন করা হয় ২০০৮ সালের ৬ অক্টোবর। চার্জশীটের ভিত্তিতে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এই রায় দেয়।
বার্তাবাজার/এম.কে