সিরাজগঞ্জে জব্দকৃত বালু নিলামে বিক্রি

সিরাজগঞ্জে সরকারী নিলাম ডাকে জব্দকৃত ৪ লক্ষ ৫৮ হাজার ঘনফুট বালু বিক্রি হয়েছে ৮ লক্ষ ৯ হাজার টাকায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচ ঠাকুরী এলাকায় এই নিলাম ডাক অনুষ্ঠিত হয়।

নিলাম কমিটির আহবায়ক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর পরিচালনায় ৮ জন দরদাতা প্রত্যেকে ১ লক্ষ টাকা করে জামানত দিয়ে প্রকাশ্য নিলাম ডাকে অংশ নেন।

এতে সদর উপজেলার পাঁচ ঠাকুরী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আনিসুর রহমান
নামে এক ব্যক্তি সর্ব্বোচ দরদাতা হিসেবে ৪ লক্ষ ৫৮ হাজার ঘনফুট বালু ৮ লক্ষ ৯ হাজার (১৫ ভাগ ভ্যাট ও ৫ ভাগ আয়করসহ) টাকায় ক্রয় করেন।

স্থানীয় বালু ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি ঘনফুট বালুর সরকারী মূল্য ১ টাকা ৫০ পয়সার উর্ধে হলো যা পরিবহনসহ দেড়শ ঘনফুটের এক ট্রাক বালুর ক্রয়মূল্য ১ হাজার ৬শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা এবং বিক্রয় মূল্য ২ হাজার থেকে ২ হাজার ৪ শ’ টাকা হবে।

উল্লেখ্য যে, মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচ ঠাকুরী এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বালুমহল বন্ধ ও স্তুপকৃত বালু জব্দ করা ছাড়া ও বালু ব্যবসায়ী মো. আনিসুর রহমান ও ড্রেজার মালিক আমজাদকে আটক করে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে জরিমানা করেছিলেন।

জব্দকৃত বালুর প্রকাশ্য নিলামে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর