ভোট যুদ্ধে হেরে গেলেন ২ সতীন

রাজশাহীর বাঘায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত পদে ভোটযুদ্ধে ২ সতীনই পরাজিত হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাচন অফিসের প্রাপ্ত ফলাফলে তারা দু’জনই পরাজিত হয়েছেন।

জানা গেছে, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৭ বছর পর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হরিরামপুর গ্রামের মীর শওকত আলীর দুই স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করেন।

বড় স্ত্রী রওশনারা খাতুন (কলম) এবং ছোট স্ত্রী আনোয়ারা বেগম (সূর্যমুখী) প্রতীক নিয়ে মনিগ্রাম ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া, বিনোদপুর, মনিগ্রামের কিছু অংশ, হোসেনপুর, আটঘরি, হাবাসপুর গ্রাম নিয়ে এ ওয়ার্ড গঠিত। এ সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৪৫০ জন।

বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ওয়ার্ডে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জান্নাতুল ফেরদৌস (মাইক) ২ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজিলা বেগম (বই) ১ হাজার ৩২৮ ভোট পেয়েছেন।

তবে মীর শওকত আলীর দুই স্ত্রীর মধ্যে বড় স্ত্রী রওশনারা খাতুন (কলম) ২৩৮ এবং ছোট স্ত্রী আনোয়ারা বেগম (সূর্যমুখী ফুল) ১০৭ ভোট পেয়েছেন।

এ ছাড়া নূরজাহান খাতুন (বক) ১ হাজার ১১৯, নাদিরা বেগম (তালগাছ) ৭৪৯, মোমেনা বেগম (জিরাফ) ৩৭২ এবং রেহেনা রহমান (হেলিকপ্টার) ২৫০ ভোট পেয়েছেন।

এ বিষয়ে রওশনারা খাতুন বলেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছি। সবাইতো বিজয়ী হয় না। এক পদে একজনই বিজয়ী হয়।

অপরদিকে আনোয়ারা বেগম বলেন, নির্বাচনে আমার সতীন প্রতিদ্বন্দ্বিতা না করলে ফলাফল আরও ভালো হতো। ভাগ্যে ছিল না, তাই পরাজিত হয়েছি।

এ বিষয়ে মীর শওকত আলী বলেন, আমি উভয়কে নির্বাচন করতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা কেউ আমার কথা না শুনে নির্বাচনে অংশগ্রহণ করে। এককভাবে নির্বাচন করলে হয়ত ভালো ফলাফল হতো।

বাঘা উপজেলা রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত আসনে রওশনারা খাতুন ও আনোয়ারা বেগম এ দুই প্রার্থী আপন সতীন জানা ছিল না। পরে জানলাম তারা সতীন। তবে ভোট গণনা শেষে এ দুই প্রার্থীই পরাজিত হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর