নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক করে কাজ করছে তথ্য আপা

যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ সিরাজদিখানের ১৪টি ইউনিয়নের ১৭৮টি গ্রামে ১ লাখ ৪৪ হাজার ৫শত ৪৮ মহিলাকে নিয়ে কাজ করছে তথ্য আপা।

প্রত্যন্ত অঞ্চলে, বাড়িতে বাড়িতে গিয়ে নারীদের যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, নানা বিষয়ে তথ্য প্রদান ও সচেতন করতে নিরলস ভাবে তথ্য আপা কাজ করছে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিম।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামে নারীদের নিয়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিম বলেন, সরকারের পক্ষ থেকে নারীদের জন্য নানা ধরনের সুযোগ রয়েছে।

কিন্তু এসব বিষয়ে তাদের কাছে কোন তথ্য না থাকার ফলে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থার অধীন ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পর ২য় পর্যায়ের কাজ এগিয়ে চলছে।

তথ্য আপারা যতই চেষ্টা করুক, নারীরা যদি এগিয়ে না আসে তাহলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে না। একারণে নারীদেরকেও এগিয়ে আসতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার শারমিন আক্তার, বাসাইল ইউনিয়ন ৪নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ মনু, তথ্যসেবা সহকারী জেরিন আক্তার, তথ্য সহকারী তাসলিমা আক্তার, শুভলক্ষা সাহা, নাজনীন আক্তার, নাছরিন আক্তার, অমি বাড়ৈ প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর