কেনা দামের চেয়ে দেড় গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে চট্টগ্রামের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে দুই আড়তদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং শিরীণ আখতারের নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহাসিক কাঁচামালের পাইকারী বাজার খাতুনগঞ্জের পেঁয়াজ বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে মিয়ানমার হতে আমদানিকৃত কেজি প্রতি ৪২ টাকার পেঁয়াজ ৭০ টাকায় বিক্রির দায়ে মেসার্স আজমির ভাণ্ডার ও শাহ আমানত ট্রেডার্স নামক দুই আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, পেঁয়াজের দামে লাগাম টানতে খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেনা দামের প্রায় দেড় গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই আড়তদারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এর আগে তাদের সতর্ক করা হলেও তারা নিয়ম মানেনি বিধায় আজ ২০ হাজার টাকা জরিমানা করেছি। পরবর্তীতে যদি আবার একই অবস্থা দেখি। তাহলে আড়ৎ সিলগালা করে দেওয়া হবে।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর হতে অস্বাভাবিক হারে বেড়ে যায় পেঁয়াজের দাম। যা জেলা প্রশাসনের হস্তক্ষেপ ও ধারাবাহিক অভিযানের ফলে ১০০ টাকা কেজি হতে ৬০/৬৫ টাকায় নেমে আসে। এছাড়া ঠেলা গাড়ি করে অনেক জায়গায় ৪০/৪৫ টাকায়ও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে।
তবে কিছু অসাধু আড়তদারের অনিয়ম ও দুর্নীতির দরুন ফের পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে দেখা যায়। যার দরুন জেলা প্রশাসন খাতুনগঞ্জ পেঁয়াজ বাজারে অভিযান চালায়। বেশি দামে পেঁয়াজ বিক্রি বন্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
বার্তাবাজার/এম.কে