ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনেে কাটা পড়ে মিলন খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাতে গৌরীপুর পশ্চিমদাপুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন খান নান্দাইলের মুসল্লি ইউনিয়নের চপই গ্রামের সুরুজ খানের ছেলে।
জানা গেছে, ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা নেত্রকোনার জারিয়াগামী লোকাল ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনে প্রবেশ করছিল। ট্রেনটি পশ্চিমদাপুনিয়া এলাকায় আসতেই মিলন নামে এই যুবক রেললাইনের উপর শুয়ে পড়ে। তখন সে ওই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শী ট্রেনের যাত্রী মহসিন মাহমুদ জানান, ট্রেনের চালক দীর্ঘসময় হর্ণ দিচ্ছিল। ট্রেনের গতিও নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। কিন্তু ট্রেনের বিকট হর্ণের পরেও রেললাইন থেকে সরে যায়নি। ট্রেনটি কাছাকাছি আসতেই রেললাইনে শোয়ে পড়ে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে। তবে যুবকের মৃত্যু দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটা বলতে পারছি না।
বার্তাবাজার/কে.জে.পি